শহীদ পরিবার এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) ফেনীর ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচিতে এসব পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ফেনীতে পুলিশের গুলিতে নিহত জাতীয়তাবাদী যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া এবং হারুনুর রশিদের কবর জিয়ারত করা হয়।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ডে তাদের বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায় বলে জানানো হয়েছে।
পরিবারগুলোর দুর্দশার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।
ফেনীতে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রামেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে যুবদল নেতা হারুনুর রশিদ নিহত হন। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের খরচও ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বহন করা হয়েছিল বলে জানানো হয়েছে।