প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) আমিনবাজার-হেমায়েতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিনবাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার স্তূপ ও তীব্র দুর্গন্ধ দেখতে পান। পরে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ঢাকা জেলা প্রশাসন সড়কটি পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেয়।
চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে পুরো সড়কটিকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন সড়কে রূপান্তর করা হবে।
এই উদ্যোগের আওতায় সড়কের দুই পাশের সব ময়লার ভাগাড় অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তর করা হবে। পাশাপাশি রাস্তার দুই পাশ বালি ও মাটি দিয়ে ভরাট করে ঢাল সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বৃষ্টির পানিতে মাটি ধসে না যায়।
সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিম, সুপারি ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। ভবিষ্যতে কেউ যাতে সেখানে ময়লা ফেলতে না পারে, সেজন্য রাস্তার দুই পাশে উঁচু বেড়া নির্মাণ, নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তর করা হবে।