বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে।
এ বছর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের মোট ১০০ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে সম্মাননা তুলে দেবেন।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের প্রত্যেককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এ বছর জাতীয় সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে। এর আগে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিক্যাল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জন রয়েছেন।
প্রাথমিক, মাধ্যমিক, স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষককে বাছাই করা হয়েছে।
শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।