জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, তিনি আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে।
নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে। সরকারি ও দলীয় সূত্রে জানা গেছে, পুরো যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।
বিশ্লেষকদের মতে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি আরও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরসূচি ও বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করার কাজ করছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন সফর উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছে।
২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। এবার তার সফর উপলক্ষে নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভাও করেছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রস্তুতির কাজ চলছে।
দলীয় ও কূটনৈতিক সূত্র জানায়, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়া সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।