সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওকাণ্ডে এবার নতুন তথ্য সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কয়েকটি ভিডিওতে তার দেওয়া ব্যাখ্যার সঙ্গে কিছু অসঙ্গতির দাবি উঠেছে।
নতুন ভিডিওগুলোতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম মরিয়ম বেগম নামের ওই তরুণীকে নিয়ে ‘নীলা’ নামে এক নারীর বাসায় গিয়েছিলেন বলে কয়েকজন দাবি করছেন।
এর আগে গাজী নজরুল ইসলাম ফেসবুক পোস্টে দাবি করেন, মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও বলেন, তার দ্বিতীয় শ্বশুরের অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ও মরিয়মের মামা গোপনে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
তবে নতুন ভিডিওতে কয়েকজন যুবককে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। সেখানে তারা দাবি করেন, ঘটনাস্থলটি ‘নীলা’ নামে এক নারীর বাসা। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আগে কয়বার এসেছেন? সত্যি করে বলেন, কয়বার এসেছেন। আমরা কয়েক দিন দেখেছি আপনি এখানে আসেন।”
আরেকটি ভিডিওতে ‘নীলা’ সম্পর্কে বিভিন্ন অভিযোগও করতে শোনা যায়। তবে এসব বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। তিনি বলেন, “আমাদের ছেড়ে দেন। আমরা অন্যায় করেছি।” অন্যদিকে মরিয়ম বেগমকে ভিডিওতে শান্ত ও দৃঢ় অবস্থানে দেখা যায়। তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামে ওই নারীর পরিচয় বা তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্যভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে ভাইরাল ভিডিওগুলোর সব দাবি ও বক্তব্যের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।