জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে এনসিপির নেতাদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ দলের নেতারা এ প্রতিক্রিয়া জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির একটি সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। একই সঙ্গে এনসিপির বিভিন্ন কর্মসূচি নিয়ে দলটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অভিযোগ করে, এনসিপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বক্তব্য ও কর্মসূচিতে শালীনতা বজায় রাখা প্রয়োজন। দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানায় সংগঠনটি।
দলটির নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।