প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা ও বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। সরকার প্রতিনিধিদলকে জানায়, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সেবাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগের কথাও তুলে ধরা হয়। সরকারের আশা, এর ফলে বিনিয়োগ কার্যক্রম আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মিতসুই অ্যান্ড কোং-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।