প্রবীণ নাগরিকদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো রেলের ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (২২ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ‘আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি) আয়োজিত এ সভায় প্রবীণ নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দিক-নির্দেশনা ও সুপারিশ তুলে ধরেন বক্তারা।
আইনমন্ত্রী বলেন, প্রবীণদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবারের বাজেটে একাধিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে প্রথমবারের মতো রেল ভাড়া মওকুফ এবং মেট্রোরেলে বিশেষ ছাড়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সভায় উত্থাপিত বিভিন্ন সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পাশাপাশি দেশে প্রবীণ নির্যাতন সম্পূর্ণরূপে বন্ধ করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং নতুন আইন তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রবীণদের জন্য আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।