২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায়, ইবতেদায়ি মাদ্রাসাসহ, সরকারের মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যকে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা আরও সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, এই কর্মসূচির আওতায় ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালু করা হবে। এর মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাগুলোও অন্তর্ভুক্ত থাকবে।
মিড-ডে মিল চালুর মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
এর আগে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিল সুবিধা দিলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে অবহেলিত এতিমখানার শিক্ষার্থীরা কেন এই সুবিধা পাচ্ছেন না।
সরকারের নতুন কর্মসূচির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদেরও এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জবাবে জানান শিক্ষামন্ত্রী।