বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়ন কাজের অর্ধেকই দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার গ্রাম, সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং ব্যাপক লুটপাট চালিয়েছে। সেই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠকের উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পল্লী উন্নয়নের লক্ষ্যেই সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে।
পরে সিরডাপ মিলনায়তনে আরেকটি আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।