বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করতে চলতি বছর সৌদি আরবে যৌথ ব্যবসায়িক বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), খাদ্য উৎপাদন, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশ যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত অবস্থানে রয়েছে। সৌদি প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগবান্ধব ও স্থিতিশীল পরিবেশের প্রশংসা করেছে।
তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর সৌদি সফর অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ আগস্ট) রাতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি সৌদি আরবের প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর।