দেশের টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।
তিনি বলেন, টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাগুলো দীর্ঘদিনের এবং আগের কোনো সরকারই সেগুলোর স্থায়ী সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তবে গ্যাস, বিদ্যুৎ, আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি শিল্পের আর্থিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। ইতোমধ্যে সরকার ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে এবং নতুন গঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।
তিনি আরও বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্রশিল্প দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা গেলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।