বাড়িঘর, দোকানপাট বা প্রতিষ্ঠানের আশপাশে অবহেলার কারণে মশার প্রজননস্থল তৈরি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি ছাদ, ড্রেন, টব, ফ্রিজ বা এসির নিচে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।
বিশেষ করে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। মানুষের জীবন রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানান আবদুস সালাম।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। প্রতি শনিবারের এ অভিযানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানে পানির পাম্প স্থাপন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় সংশ্লিষ্ট ফুটওভারব্রিজ সরানোর উদ্যোগ এবং বাসের টোল ফ্রি করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের আশ্বাস দেন প্রশাসক।
এ ছাড়া শিক্ষার্থীদের টিফিনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন মো. আবদুস সালাম।