ভারতের পানি নীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত ফারাক্কায় পানি আটকে রাখলে বাংলাদেশও তিস্তার পানি ধরে রাখার ব্যবস্থা করবে। শুষ্ক মৌসুমে সেই পানি দেশের প্রয়োজন মেটাতে কাজে লাগানো হবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রাখার নীতি অনুসরণ করছে ভারত। বাংলাদেশও নতুন করে বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে। তার ভাষায়, ‘তারা ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাব।’
স্বাস্থ্য খাতের প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকার শুধু অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়ায় স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। বর্তমান সরকার অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগেও গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং বর্তমানে নিয়োগপ্রক্রিয়ার পুলিশ ভেরিফিকেশন চলছে।
সেমিনারে দেশে এইচআইভি ও এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।