চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী মেধার ভিত্তিতেই চাকরিপ্রার্থীদের মূল্যায়ন করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা অর্জনই যথেষ্ট নয়। দেশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যাখ্যা ছড়ানোর বিষয়ে তিনি বলেন, একটি শ্রেণি বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা ছড়াচ্ছে, এতে জনগণ ও সরকার উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।
পানিসম্পদমন্ত্রী জানান, সরকার পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।