ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে দেশজুড়ে স্টেশন ও জনবল বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে থাকা ৫৩৮টি ফায়ার স্টেশন দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা সময়ের দাবি। এ লক্ষ্যেই সরকার লোকবল বৃদ্ধি ও নতুন স্টেশন স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ; নিরাপদ রাখব সম্পদ ও জীবন’— এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্ত্রী জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস সদস্যদের জন্য একটি ট্রেনিং একাডেমিসহ আরও ২০টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি দ্রুত সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ই-ফায়ার সনদ চালু করা হয়েছে।
তিনি বলেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।