বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় এএন-৩২ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় বিমান বাহিনী। কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’
এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতের বিমানবাহিনীর বহরে রয়েছে।
বিমানটি প্রতিকূল আবহাওয়া, উচ্চ পার্বত্য এলাকা এবং দুর্গম অঞ্চলে কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি একসঙ্গে ৭.৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন দুর্গম এলাকায় রসদ ও সামরিক সরঞ্জাম পরিবহনে এএন-৩২ বিমান নিয়মিত ব্যবহার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন।