ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে যান তিনি। সেখানে পৌঁছে রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক দায়িত্বপালনের কার্যক্রম শুরু হলো।
গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর গত রোববার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এর আগে তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকে পরিচালনা করলেও তিনি জাতীয় সংসদ এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।