জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ সংস্কার শেষে পুনরায় চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস হয়েছে। দীর্ঘদিনের বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা ধরনের অবস্থান নিচ্ছে, যাতে সরকার দেশের জন্য কার্যকরভাবে কাজ করতে না পারে।
আবদুস সালাম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের দীর্ঘদিনের সংস্কারবিহীন লোহার ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজটিতে মরিচা ধরে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল।
দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়েছে। এটি পুনরায় চালুর ফলে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও স্থানীয়রা এখন নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি ব্যবহার করতে পারবেন।