আওয়ামী লীগ সরকারের গত ১৭-১৮ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হুইপ দুলু বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কোনো দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়াই যথেষ্ট। তার অভিযোগ, অতীতের দীর্ঘ শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল।
বর্তমান সরকারের শিক্ষা খাতের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন দুলু।
পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে পরীক্ষার খাতা সাদা রেখেও জিপিএ-৫ পাওয়ার মতো অভিযোগ উঠেছিল। সামান্য লিখেও গোল্ডেন জিপিএ-৫ কিংবা এ-প্লাস পাওয়ার প্রবণতা শিক্ষার প্রকৃত মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
তার মতে, এ ধরনের মূল্যায়নব্যবস্থা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা বিকাশে বাধা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।