স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাওয়া অন্যরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা।
দুদকের পক্ষে উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, মনিরুল ইসলামের নামে ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। তাঁর স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে রয়েছে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা।
এ ছাড়া রেজাউল আলম শাহীনের নামে ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার নামে ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের আবেদনে তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ, জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে তাঁদের নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্যও সংগ্রহ করা হয়েছে।
দুদকের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাব থেকে অর্থ তুলে বিদেশে পাচারের চেষ্টা করতে পারেন। অর্থ স্থানান্তর বা সম্পদ হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা থাকায় ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।