যাত্রীদের বাড়তি চাপ ও টিকিট সংকট কমাতে ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসের শেষ দিকে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।
শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারে পর্যটক ও যাত্রীদের যাতায়াত দিন দিন বাড়ছে। এ কারণে সরকার রেলসেবা সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের ভোগান্তি ও টিকিটের চাপ অনেকটাই কমবে।
তিনি বলেন, নতুন ট্রেন চালুর মাধ্যমে আরও আরামদায়ক, নিরাপদ ও সময়ানুবর্তী যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।
হাবিবুর রশীদ আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের ও পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে স্টেশনটির পরিচালনা ও ব্যবস্থাপনায় দক্ষ সেবা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি দ্রুত স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।