সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অপচেষ্টা ও কথিত অনিয়মের সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।