সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা বর্তমানে রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যদিও এটি সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ নয়, তবুও গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠায় এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, বরং সেই সত্যকে জনকল্যাণে কাজে লাগানোও সমান গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত অবস্থান থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে পড়ে।
রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ তুলে জহির উদ্দীন স্বপন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। তিনি জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।