মালয়েশিয়া ও চীন বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, গণমাধ্যম ও জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
মাহদী আমিনের ভাষ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করতে দুই পক্ষই ঐকমত্যে পৌঁছেছে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাব্য আঞ্চলিক করিডোরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।