শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়েও সরকার কাজ করছে। পাশাপাশি দেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, উপযুক্ত জায়গা পাওয়া গেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবনটি চালু হওয়ার ফলে এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা আধুনিক ও সহায়ক পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।