ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে স্বাস্থ্য খাত নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে উপস্থিত সবাইকে হাসিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আলোচনার একপর্যায়ে এক অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’
জবাবে পাশে বসে থাকা তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী হাস্যরসের সঙ্গে বলেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে পুরো অডিটোরিয়ামে হাসির পরিবেশ তৈরি হয়।
পরে প্রশ্নকারী বলেন, ডা. জুবাইদা রহমান যেহেতু প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন এবং স্বাস্থ্য খাত সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি এ বিষয়ে উদ্যোগ নিলে সবাই আরও গর্বিত হবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।