আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। তিনি জানান, লোকোমোটিভ প্রস্তুত রয়েছে, আগামী মাসে নতুন কোচ আসলেই অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন চালু করা হবে।
শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যেখানে জনস্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
এছাড়া ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও ডিপিপি প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।