রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর, মারধর ও লুটপাটের মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও মো. শাহ আলম ওরফে অনিক (৪৭)।
আদালতে আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন। রিমান্ড আবেদনে পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্ত, অবৈধ অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা বলা হয়।
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন ব্যক্তি বেআইনিভাবে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ার পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল ও বিভিন্ন অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।