আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচির যে ধারা শুরু করেছিলেন, বর্তমান সরকার তা আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে চায়। এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, বরং গাছ বড় হওয়া পর্যন্ত সঠিকভাবে পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি শিশুকে যেমন জন্মের পর যত্ন নিয়ে বড় করতে হয়, তেমনি রোপণ করা প্রতিটি চারারও নিয়মিত পরিচর্যা প্রয়োজন।
প্রধানমন্ত্রী জানান, এদিন বাটাজোরে ২ হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হবে। পরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বরিশালের প্রবেশপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে তার ছবি সংবলিত কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হয়নি।
পরে তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে দলের সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।