দেশে বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রকল্প আছে কি না—এমন প্রশ্ন করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম চালু রয়েছে।
তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ।
এছাড়া জামানত থাকলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
অর্থমন্ত্রী আরও বলেন, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার ‘স্টার্ট আপ ফান্ড’ গঠন করা হচ্ছে, যেখানে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা দেওয়া হবে।