ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনের অব্যবহৃত ছাদে স্থাপিত দেশের প্রথম সরকারি ভবনভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় স্থাপিত এ প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট আটটি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪৯ কিলোওয়াট।
ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১২টি স্থাপনায় সৌর প্যানেল বসানো হয়েছে। এসব স্থাপনায় উৎপাদন সক্ষমতা ৪১৫ কিলোওয়াট।
অন্যদিকে পরশুরাম উপজেলা পরিষদ ভবন ও অডিটোরিয়াম ভবনসহ মোট ছয়টি সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার মোট উৎপাদন সক্ষমতা ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট।
নেট মিটারিং ব্যবস্থার আওতায় প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ সরকারি স্থাপনাগুলোর নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের এ উদ্যোগকে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দেওয়া হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইনের হিসাবে, তিন উপজেলায় প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।