জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পদ্মা ব্যারেজসহ ৯টি বড় প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা।
এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)’ প্রকল্প। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নয়ন প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২ অবকাঠামো নির্মাণ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এছাড়া চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
একনেক সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক আগে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। এগুলো হলো— ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।