বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও যাত্রীবাহী জাহাজের ওপর নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। নতুন ঘোষিত নীতিমালা অনুযায়ী, ইরান-নিয়ন্ত্রিত জলসীমা ব্যবহার করতে হলে এখন থেকে জাহাজগুলোকে আগাম অনুমতি ও বিশেষ লাইসেন্স নিতে হবে।
বুধবার (২০ মে) আনুষ্ঠানিক ঘোষণায় তেহরান জানায়, প্রণালির নির্দিষ্ট এলাকায় চলাচলের ক্ষেত্রে নবগঠিত ইরানি নৌ-কর্তৃপক্ষের সঙ্গে বাধ্যতামূলক সমন্বয় করতে হবে। একই সঙ্গে নতুন নিয়ন্ত্রণ অঞ্চলের একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ইরানের কেশম দ্বীপ থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন পর্যন্ত এবং জাবাল মুবারক থেকে ফুজাইরাহর দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত জলসীমা নতুন নজরদারি অঞ্চলের আওতায় থাকবে। এই পথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি লাইসেন্সিং ও সমন্বয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ইরানের দাবি, পারস্য উপসাগরের এই সমুদ্রপথে নিরাপত্তা জোরদার এবং নৌ-চলাচলের শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে আন্তর্জাতিক সম্পর্ক ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। বিশ্বের বড় অংশের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন এই রুটের ওপর নির্ভরশীল। ফলে ইরানের এই সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ও তেলের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়াতে পারে।