বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকতে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান।
শুক্রবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার হওয়ার তার পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় আহত হওয়ার ছবি এখন এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন তিনি কোনো অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
রাশেদ খানের দাবি, এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার কারণে অনেকেই তাকে ফোন ও বার্তা দিয়ে ঘটনার সত্যতা জানতে চেয়েছেন।
তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে অনেকেই যোগাযোগ করায় বিষয়টি পরিষ্কার করতে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি আরও বলেন, ‘জামায়াত থাকতে যে আওয়ামী লীগের আর প্রয়োজন নেই, সেটি দিন দিন আরও স্পষ্ট হচ্ছে।’