দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোতে হঠাৎ পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং কীভাবে সেবার মান আরও উন্নত করা যায়, তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, হাসপাতালগুলোতে বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, টিকা ও পরিবার পরিকল্পনা সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।