সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জুন) ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর Square Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ জানান, মৃত্যুর পর তার মরদেহ বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
তিনি প্রথমবার ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৩টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হবে।