রাজধানীর রামপুরায় এক শিশু মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিহাব হোসেন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর তদন্ত কর্মকর্তারা সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত দেখতে পান। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেন নামে এক ছাত্রের বিরুদ্ধে এর আগেও একই প্রতিষ্ঠানের আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ উঠেছিল। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করে রামপুরা থানা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল্লাহর মৃত্যুর আগেই শিহাব মাদ্রাসা ত্যাগ করে গ্রামের বাড়িতে চলে যায়। পরে রামপুরা থানার একটি দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
এদিকে, গত ২০ মে নিহত আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পৃথক মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।