দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার মাধ্যমে বিএনপিকে জনগণের আস্থা ধরে রাখতে হবে।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্য সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি তার নীতি, আদর্শ ও দর্শন ধারণ করে এগিয়ে যাচ্ছে।
রিজভী আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি নানা নিপীড়ন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দি থাকার সময় দলের দায়িত্ব পালন করেন তারেক রহমান। তার নেতৃত্বে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে যায় এবং পরবর্তীতে জুলাইয়ের গণআন্দোলনে রূপ নেয় বলে দাবি করেন রিজভী।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এসে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সংকটেরও অংশ। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি পরিবহনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সংকট মোকাবিলায় সরকার বরাদ্দের বাইরে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং পুনরায় গ্যাস রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার তুলে ধরে রিজভী বলেন, ৩১ দফা, নির্বাচনি ইশতেহার ও খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।