বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং বিচারপ্রক্রিয়া আরও দ্রুত করতে দেশের নতুন ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই সেবা চালু করা হয়েছিল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী জানান, প্রথম ধাপে চালু হওয়া ১৬টি জেলায় এরই মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড সফলভাবে জমা পড়েছে। নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হলো।
ই-বেইলবন্ড ব্যবস্থার সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, আগে আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তা কারাফটকে পৌঁছাতে দীর্ঘ সময় লাগত। ফলে জামিন পাওয়া ব্যক্তিকেও কারামুক্তির জন্য অপেক্ষা করতে হতো এবং নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতো।
নতুন ডিজিটাল ব্যবস্থায় জামিননামার তথ্য অনলাইনের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এতে জামিন-পরবর্তী আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও কমছে।
ব্রিফিংয়ে মামলা জট কমানোর ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। যেসব জেলা মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে জট কমাতে সক্ষম হবে, সেসব জেলাকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। বিচারপ্রার্থীরা যাতে অহেতুক হয়রানি ছাড়াই দ্রুত বিচারিক সেবা পান, সে লক্ষ্যেই ডিজিটাল বিচার ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হচ্ছে।