২০২৫ সালের তুলনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপরাধের পরিসংখ্যান এবং জেলাভিত্তিক সমন্বিত তথ্য বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক তথ্য পুলিশ সদর দপ্তরে নিয়মিত সংরক্ষণ ও হালনাগাদ করা হয়।
তিনি বলেন, আগের বছরের তথ্যের সঙ্গে বর্তমান পরিসংখ্যান তুলনা করেই সরকারের মূল্যায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি তথ্য যাচাই করে দেখার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিশু নিখোঁজের ঘটনায় প্রায় ১৫ হাজার জিডি হয়েছে এবং আগের তুলনায় তা বেড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্যের উৎস জানতে চান। তিনি বলেন, সংশ্লিষ্ট নথি দিলে পুলিশ তা যাচাই করে দেখবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সদর দপ্তর প্রতিটি জেলা থেকে মাসিক অপরাধের তথ্য সংগ্রহ করে। পরে সেগুলো কেন্দ্রীয়ভাবে সংকলন করে সারাদেশের অপরাধচিত্র তৈরি করা হয় এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি ডাটাভিত্তিক ও পুলিশের রেকর্ডনির্ভর তথ্যেই কথা বলবেন বলেও জানান।
সরকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান চিত্রে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন।
সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মালামাল উদ্ধার করে আদালতে পাঠিয়েছে।
ছিনতাইকারীরা এখনো সক্রিয়—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে নোটিশ দিয়ে জানানো হয় না। তবে ধারাবাহিক অভিযানের কারণে ছিনতাইয়ের প্রবণতা ইতোমধ্যে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের কেউ সরকারকে বিব্রত করতে বা পরিস্থিতির উন্নয়নে বাধা দিচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো শনাক্ত করা হয় বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।