রাজধানীর মিরপুরে একটি বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় বস্তিবাসীর হামলা থেকে বাঁচতে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বুধবার (২০ মে) দুপুরে বাউনিয়াবাঁধ এলাকার বস্তি উচ্ছেদে যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান চলাকালে স্থানীয় বস্তিবাসীরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, অভিযান শুরুর পর স্থানীয়রা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ২ নারী সদস্যসহ পুলিশের অন্তত ৭ জন আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙা শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অভিযানের একপর্যায়ে ক্ষুব্ধ বস্তিবাসীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ সদস্যরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। তাদের পেছনে ধাওয়া করতেও দেখা যায় স্থানীয়দের।