প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও দেশটির শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত সোমবার (৬ জুলাই) থেকে মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা করছে সরকার।
তিনি আরও জানান, খুব শিগগিরই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক খবর আসতে পারে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এবার মালয়েশিয়ার জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে বাংলাদেশ সরকার। শ্রমিক নিয়োগে সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। পরবর্তীতে পারস্পরিক আলোচনার মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।