রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানান তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না এবং সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে কোনো ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনেন প্রধানমন্ত্রী। রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।