নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
রোববার (২ আগস্ট) পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারকে ভোক্তাবান্ধব রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে বাজার পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে জনগণ সচেতন হবে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ কমে আসবে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল থাকবে এবং সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন।