জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ২০২৪ সালের ১৬ জুলাই তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন দাবি করেছে প্রসিকিউশন।
রোববার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় কল রেকর্ডটিকে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
প্রসিকিউশনের দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়। পরে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলন দমনে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের অভিযোগও করেছে প্রসিকিউশন। এসব কর্মকাণ্ডের তথ্য ও ছবি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, সে কারণেই ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং পরবর্তী সময়ে সংযোগ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
প্রসিকিউশন আরও জানায়, ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে কল রেকর্ডটির সত্যতা যাচাই করা হয়েছে। এরপর সেটিকে মামলার তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়।