পাইলট পর্যায়ে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধনী দিনেই দেশের ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে সোনাগাজী উপজেলার সরকারি পাইলট স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধনের প্রস্তুতি চলছে। পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে সারা দেশে কৃষক কার্ডভুক্ত ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হবে।
তিনি জানান, ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক ছাপানো কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুই কোটিরও বেশি কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড প্রদানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির প্রকৃত কৃষক এ সুবিধার আওতায় আসবেন।
আমিন উর রশিদ বলেন, সরকারের লক্ষ্য কৃষককে ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ এবং তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া হবে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম উপস্থিত ছিলেন।