ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, একজন ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেও যদি তিনি বাংলাদেশের নাগরিক হন এবং দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করতে চান, তবে তার সেই অধিকার রয়েছে। তবে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, “তিনি দেশে এলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। আইন যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।”
শেখ হাসিনার পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ তার বিষয়। সরকারের দায়িত্ব হলো দেশের সীমানায় প্রবেশের পর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, যেহেতু জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যেই আহ্বান করা হবে, তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। তবে প্রয়োজন মনে করলে সরকার বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে।