জাতীয় সংসদে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
মিছিলে প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন। এ সময় ‘বয়কট বয়কট, হাসনাত হাসনাত’সহ বিভিন্ন স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ উত্তাল হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া নিয়ে সংসদে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ওই বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
এ ছাড়া শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।