সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নিজ বাসভবনেই উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে তাঁর বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করার পাশাপাশি ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে ইউএনও ও স্থানীয় সরকারের উপপরিচালকদের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যবহার ও জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। ভবিষ্যতে সমবায় ভবনসহ দেশের বিভিন্ন সরকারি ও জাতীয় ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করে সংশ্লিষ্ট ভবনের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।
নেট মিটারিং পদ্ধতিকে কাজে লাগিয়ে সরকারি ভবনের ছাদ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনকে বাণিজ্যিকভাবে লাভজনক খাতে পরিণত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় আসন্ন দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য ইউএনওদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, এর মাধ্যমে অসচ্ছল মানুষকে জরুরি প্রয়োজনে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। প্রয়োজন হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে এ তহবিলের অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে ইউএনওদের জন্য বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তাবও দেন তিনি।
সভায় বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, বর্তমান সরকার রাতের ভোট বা ডামি নির্বাচনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। মিরপুরের সাম্প্রতিক ঘটনায় দলীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মীর শাহে আলম।